মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা আবারও বাড়িয়ে তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালিটি খুলে দেওয়ার নির্দেশ দিয়ে তিনি সরাসরি সামরিক হামলার হুমকি দিয়েছেন।
রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মঙ্গলবার রাতের মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত না করলে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর আঘাত হানা হতে পারে। তার ভাষায়, সময়সীমা অতিক্রম হলে দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ প্রধান অবকাঠামো নিরাপদ থাকবে না।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত একটি বার্তা দিয়ে তিনি আবারও বিষয়টি ইঙ্গিত করেন। যদিও সেখানে কোনো দেশ বা বিস্তারিত উল্লেখ করেননি, তবুও সময় নির্ধারণ করে তিনি লেখেন—“মঙ্গলবার রাত ৮টা।”
এর আগেও তিনি একই দিনে আরেকটি পোস্টে ইরানকে সতর্ক করেছিলেন। সেখানে বলা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে দেশটির অবকাঠামো হামলার ঝুঁকিতে পড়বে। তবে সেই বার্তায় নির্দিষ্ট সময় উল্লেখ ছিল না।
এরও আগে, শনিবার ট্রাম্প ইরানকে একটি সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সংঘাত এড়ানোর জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। তিনি দাবি করেন, তেহরানের হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং সিদ্ধান্ত না নিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সেই পোস্টে ট্রাম্প আরও বলেন, অতীতে ইরানকে দীর্ঘ সময় দেওয়া হলেও এখন আর বিলম্বের সুযোগ নেই। তার ভাষায়, চুক্তি না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত ৮টার মধ্যে আগের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও, নতুন করে মঙ্গলবার রাত পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এই বাড়তি সময়ের মধ্যেই ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সবার।
