আগামী হজে খরচ কমাতে উদ্যোগ, বিমানভাড়ায় আরও অন্তত ২০ হাজার টাকা কমার ইঙ্গিত

হজযাত্রীদের ব্যয় কমাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ইতোমধ্যে বিমানভাড়ায় কিছুটা হ্রাস আনা হয়েছে এবং আগামী হজ মৌসুমে আরও কমপক্ষে ২০ হাজার টাকা ভাড়া কমানোর পরিকল্পনা রয়েছে, যাতে যাত্রীরা ন্যূনতম ব্যয়ে হজ পালনের সুযোগ পান।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হজযাত্রীদের জন্য দেশে বসেই নুসুক কার্ড বিতরণের উদ্যোগকে কেন্দ্র করে এই আয়োজন করা হয়, যা পরিচালনা করে আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং সহযোগিতা করে সৌদি আরবের রাওয়াফ মিনা এজেন্সি।

প্রতিমন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে সরকার ইতোমধ্যে নানা সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে হজ ব্যবস্থাপনা কমিটির দীর্ঘ বৈঠকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—হজ এজেন্সিগুলো যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা এবং দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সব ধরনের সেবা পান।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের ইতিহাসে এই প্রথম হজযাত্রীরা নিজ দেশে বসেই নুসুক কার্ড হাতে পাচ্ছেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এ উদ্যোগকে হজ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

নুসুক কার্ডের গুরুত্ব তুলে ধরে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বলেন, এই কার্ড ছাড়া পবিত্র মসজিদে প্রবেশ করা সম্ভব নয় এবং এটি না থাকলে হজযাত্রীরা আইনি জটিলতায় পড়তে পারেন। তবে আগেভাগে কার্ড বিতরণে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যাত্রীরা কার্ড হারিয়ে ফেললে পুনরায় তা ইস্যু করা কঠিন হবে। এজন্য ভ্রমণের সময় কার্ড বিতরণের বিষয়টি বিবেচনার পরামর্শ দেন তিনি।

সংসদ সদস্য শামীম কায়সার বলেন, স্বল্প সময়ের মধ্যে হজের প্রস্তুতি নিতে হলেও সরকার একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, সৌদি আরবে বাংলাদেশের হজ মিশনের মাধ্যমে যাত্রীরা প্রয়োজনীয় সেবা পাবেন।

অনুষ্ঠানে আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার ওবায়দুল হকের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে ১৪টি এজেন্সির হজযাত্রীদের মধ্যে নুসুক কার্ড বিতরণ করা হয়।