চীনবিষয়ক সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি দিতে আবারও ‘স্বর্ণ রেশম পথ গণমাধ্যম পুরস্কার’

বাংলাদেশের গণমাধ্যমে চীন-সংক্রান্ত বস্তুনিষ্ঠ ও মানসম্মত প্রতিবেদনকে উৎসাহিত করতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘স্বর্ণ রেশম পথ গণমাধ্যম পুরস্কার-২০২৬’। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও বিশেষ অবদানকে স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে রোববার রাজধানীর আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আয়োজক ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেসক্লাব এবং দেশের শীর্ষস্থানীয় ১০টি সাংবাদিক সংগঠন যৌথভাবে এ পুরস্কারের আয়োজন করছে।

আয়োজক সংগঠনগুলোর মধ্যে রয়েছে জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, প্রযুক্তি গণমাধ্যম গিল্ড বাংলাদেশ, অনলাইন সম্পাদক জোট, বাংলাদেশ স্বাস্থ্য রিপোর্টার্স ফোরাম এবং ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ।

ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এ আয়োজনের সহ-আয়োজক হিসেবে রয়েছে চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার।

অনুষ্ঠানে চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের পরিচালক ইউ কুয়াং ইউয়ে আনন্দী বলেন, এই পুরস্কার চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় চলতি বছরের আয়োজন সফল হবে বলে তিনি আশাবাদী।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ও বিভিন্ন খাতে অংশীদারত্ব ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। এমন উদ্যোগ সাংবাদিকদের আরও মানসম্মত কাজের প্রতি উৎসাহিত করবে এবং দুই দেশের সম্পর্ক সম্পর্কে জনগণের সচেতনতা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ পুরস্কারের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক আরও ব্যাপকভাবে গণমাধ্যমে তুলে ধরা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাইনুল হাসান সোহেল, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন, বাংলাদেশি সিনে-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান দর্পণ, প্রযুক্তি গণমাধ্যম গিল্ড বাংলাদেশের সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন, অনলাইন সম্পাদক জোটের সভাপতি হাসান শরীফ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের সভাপতি এম আজিজুর রহমান, বাংলাদেশ স্বাস্থ্য রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ এবং বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমেদ আনন্দ।

এ ছাড়া সহ-আয়োজক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহ-সভাপতি চু কুয়াংলেই, ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের সহ-সভাপতি রেন ওয়াং, আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টারের মহাসচিব এইচ এম জাহাঙ্গীর আলম রানা এবং চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর চারটি প্রধান বিভাগে ‘স্বর্ণ রেশম পথ গণমাধ্যম পুরস্কার’ প্রদান করা হবে। প্রতিটি বিভাগের বিজয়ীরা পাবেন ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ পুরস্কার।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি ও প্রতিবেদন জমা দেওয়ার সময়সূচি শিগগিরই চায়না মিডিয়া গ্রুপ বাংলার সামাজিক যোগাযোগমাধ্যম পাতা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হবে।