জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, গুরুত্ব পেল রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

আলোচনায় নির্বাচন-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

বৈঠকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক বিভিন্ন ইস্যুতেও গুরুত্ব দেওয়া হয়। উভয় পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান এবং রাজনৈতিক কর্মকর্তা হারমানোস্কি বার্নার্ড উপস্থিত ছিলেন।

অন্যদিকে জামায়াত আমিরের পক্ষে বৈঠকে অংশ নেন দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমেদ মাবরুর।