প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (৯ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বিশেষ করে সামরিক পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণ, প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদী।
অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা পাবে।
