নতুন অর্থবছরের জাতীয় বাজেটে দেশের অবকাঠামো ও পানি ব্যবস্থাপনা খাতে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে শুধু পানিসম্পদ মন্ত্রণালয়ের জন্যই ১০ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট বক্তৃতায় তিনি জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে একনেক অনুমোদন পেয়েছে এবং আগামী সাত বছরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এতে দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এই প্রকল্পের আওতায় চারটি বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা সুবিধাভোগী হবে, যা আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আরও জানান, পানিসম্পদ খাতের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরগুলোকে চার লেনে উন্নীত করার পাশাপাশি একটি সমন্বিত যোগাযোগ কাঠামোর মাধ্যমে মাল্টিমোডাল হাব গড়ে তোলার কাজ চলছে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা জোরদারে বর্তমানে ৯৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
সরকারের এই বিনিয়োগ পরিকল্পনাকে দেশের দীর্ঘমেয়াদি অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সংযোগ জোরদারের একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
