- সরকারি ও বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে আরও ২৫ লাখ টাকার সহায়তার ঘোষণা
গত ঈদুল ফিতরে ঢাকা সদরঘাট থেকে বরিশালগামী পথে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত দুই যাত্রী সোহেল ও মিরাজের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে সরকার ও সংশ্লিষ্ট সংস্থা।
শনিবার (১৩ জুন) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নিহতদের পরিবারের সদস্যদের হাতে পৃথক চেকের মাধ্যমে এ সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার দুটির জন্য অতিরিক্ত ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।
নৌপরিবহন প্রতিমন্ত্রী এ সময় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নৌপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
