মানবকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের ভূমিকা অনন্য: স্পিকার

সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে মানবসেবার ক্ষেত্রে অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ এই স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে সুসংগঠিতভাবে মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

শনিবার (১৩ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের ৩৯তম বার্ষিক কনভেনশন ২০২৬-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি লায়ন্স ইন্টারন্যাশনালের মতো সংগঠনগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের সেবামূলক কার্যক্রম দেশের মানবিক উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে।

তিনি আরও বলেন, লায়ন্স সদস্যদের পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও সামাজিক দায়বদ্ধতা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। মানবকল্যাণে তাদের অবদান আরও বিস্তৃত হওয়া প্রয়োজন বলেও তিনি মত দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫, বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন মো. আশরাফ হোসেন খান হীরা। স্বাগত বক্তব্য দেন কনভেনশন চেয়ারপারসন লায়ন সাবিনা সিদ্দিকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ইন্টারন্যাশনালের আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক। এছাড়া অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন লায়ন্স নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, লায়ন্স ইন্টারন্যাশনাল বর্তমানে বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও ভৌগোলিক অঞ্চলে প্রায় ১৪ লাখের বেশি সদস্যের মাধ্যমে দৃষ্টিশক্তি সংরক্ষণ, ক্ষুধা নিরসন, পরিবেশ সুরক্ষা, ডায়াবেটিস সচেতনতা, শিশু ক্যান্সার সহায়তা, যুব উন্নয়ন এবং দুর্যোগকালীন মানবিক সহায়তাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি “We Serve” মূলমন্ত্রে দীর্ঘদিন ধরে বৈশ্বিক মানবসেবায় কাজ করে আসছে।

কনভেনশনের উদ্বোধন ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই অনুষ্ঠানে তিনি স্যুভেনিরের মোড়ক উন্মোচন করেন এবং বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কর্মকাণ্ডকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এই ধরনের সংগঠনের ভূমিকা ভবিষ্যতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

দেশের বিভিন্ন জেলা থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, ক্লাব প্রতিনিধি, জেলা গভর্নর, প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক, সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।