আইএসপি প্রতিষ্ঠানে হামলায় উদ্বেগ, নিরাপত্তা জোরদারের দাবি আইএসপিএবির

দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণের চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি বলেছে, এসব ঘটনা শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতিই নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল সেবাব্যবস্থার জন্যও বড় ধরনের হুমকি।

রোববার রাজধানীর বনানীতে আইএসপিএবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ উদ্বেগ তুলে ধরেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৯ জুন রাতে ঢাকার লালমাটিয়ায় ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়সহ বাড্ডা, চাঁদপুর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ার কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাট চালায়। এতে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হন এবং প্রযুক্তিগত সরঞ্জাম ও নেটওয়ার্ক অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়।

আইএসপিএবির নেতারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতি ও ডিজিটাল সেবার সম্প্রসারণের এই সময়ে এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর ফলে খাতটির নিরাপত্তা, বিনিয়োগ পরিবেশ এবং গ্রাহকসেবার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা জোরদার, ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর নিরাপদ ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা।

আইএসপিএবি মনে করে, দেশের ডিজিটাল অগ্রযাত্রা অব্যাহত রাখতে তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংগঠনটি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার বিচার নিশ্চিত করবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।