শিক্ষকদের বদলিতে বিকেন্দ্রীকরণ, কমিটি গঠনের মাধ্যমে হবে আবেদন নিষ্পত্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি প্রক্রিয়ায় দীর্ঘদিনের জটিলতা ও অনিয়ম দূর করতে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বদলি কার্যক্রমকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের পরিবর্তে স্থানীয় প্রশাসনের আওতায় এনে উপজেলা, জেলা, বিভাগ ও সিটি কর্পোরেশনভিত্তিক কমিটির মাধ্যমে আবেদন নিষ্পত্তির ব্যবস্থা করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষক বদলি ব্যবস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত করতে সরকার নতুন বিকেন্দ্রীভূত পদ্ধতি চালু করেছে। অতীতে শিক্ষক বদলি একটি প্রভাবশালী সিন্ডিকেট ও দুর্নীতির ক্ষেত্র হিসেবে পরিচিত ছিল, যা শিক্ষার মানোন্নয়নের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছিল।

রোববার (১৪ জুন) রাজধানীর একটি হোটেলে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) ও ইউনিসেফ আয়োজিত ‘বাংলাদেশ এডুকেশন সেক্টর অ্যানালাইসিস (ইএসএ) ২০২৬’-এর ভ্যালিডেশন কর্মশালায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষক বদলি কার্যক্রম স্থানীয় পর্যায়ে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নীতিমালার আওতায় উপজেলা, জেলা, বিভাগীয় ও সিটি কর্পোরেশন পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। এসব কমিটি নির্ধারিত সময় অন্তর বদলির আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি আবেদন পর্যালোচনা করবে। কমিটির সুপারিশের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলির আদেশ জারি করবেন।

এ ছাড়া জেলা, বিভাগীয় ও সিটি কর্পোরেশন পর্যায়েও পাঁচ বা ছয় সদস্যের কমিটি থাকবে। এসব কমিটি সংশ্লিষ্ট এলাকার বদলি আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। সিটি কর্পোরেশন, বিভাগীয় ও জেলা পর্যায়ের শিক্ষক বদলি সংক্রান্ত কমিটিতে যথাক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সভাপতির দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহছানুল হক মিলন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং ইউনিসেফের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।