আগামী অর্থবছরে আরও কয়েকটি খাতকে মূল্য সংযোজন করের আওতায় আনার পরিকল্পনা

আগামী ২০২৬-২৭ অর্থবছরে মুদিদোকান, কনফেকশনারি, জুতার দোকান, প্রসাধনসামগ্রীর বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন ব্যবসায়িক খাতকে সুনির্দিষ্টভাবে মূল্য সংযোজন করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায় বৃদ্ধি এবং করব্যবস্থা আরও কার্যকর করতে বিভিন্ন খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠানকে মূল্য সংযোজন করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব খাতকে নতুন করে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মুদিদোকান, তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা প্রতিষ্ঠান, কনফেকশনারি, প্রসাধনসামগ্রীর দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্যের বিক্রয়কেন্দ্র, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান, সাজসজ্জা সেবাদানকারী প্রতিষ্ঠান, মুঠোফোন ও বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের বিক্রয়কেন্দ্র, রং ও হার্ডওয়্যার ব্যবসা, স্যানিটারি ও ফিটিংস সামগ্রীর দোকান, টাইলস বিক্রয়কেন্দ্র, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট ব্যবসা, আসবাবপত্রের দোকান, মিষ্টান্ন বিক্রয়কেন্দ্র এবং রেস্তোরাঁ।

তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে মূল্য সংযোজন কর থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।

সরকারের আশা, নতুন খাতগুলোকে করের আওতায় আনা হলে রাজস্ব আদায় আরও বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতির জন্য একটি শক্তিশালী রাজস্বভিত্তি তৈরি হবে।