স্বাস্থ্য সংস্কার নয়, ক্ষমতার ভাগ নিয়েই বিরোধী দলের আগ্রহ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বিরোধী দল স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে কোনো গঠনমূলক আলোচনা করছে না; বরং তারা শুধু সেই সংস্কারের কথাই বলে, যা তাদের ক্ষমতার ভাগ নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল প্রায়ই সংস্কার এবং জুলাই সনদের কথা বললেও স্বাস্থ্য খাতের বাস্তব সংস্কার নিয়ে সংসদে কখনো আলোচনা করেনি। স্বাস্থ্য সংস্কার কমিশন বিভিন্ন সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দিয়েছে। এ প্রতিবেদন নিয়ে সংসদে গঠনমূলক আলোচনা হলে সরকারও উপকৃত হতো।

তিনি বলেন, ‘আমি খুশি হতাম, আমাদের বিরোধী দল যদি স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে এখানে আলোচনা করত। কিন্তু তারা শুধু সেই সংস্কারের কথাই বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে।’

দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে এম এ মুহিত বলেন, বর্তমানে দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে অতিমারি ও মহামারি মোকাবিলার সক্ষমতা গড়ে তোলাও বড় চ্যালেঞ্জ।

চিকিৎসা ব্যয়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশই রোগীদের নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়। অথচ থাইল্যান্ডে এ হার প্রায় ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটের মূল লক্ষ্য হলো ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করা এবং এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সহজে ও বিনামূল্যে চিকিৎসাসেবা পাবে।

তিনি জানান, স্বাস্থ্য খাতে বাজেট প্রায় দ্বিগুণ করা হয়েছে। তবে অপরিকল্পিতভাবে নতুন হাসপাতাল বা ভবন নির্মাণের পরিবর্তে বিদ্যমান স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।