জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যের কমিটি পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের (এনআইসিটিএফ) ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন এবং সাধারণ সদস্যপদ উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনটির জরুরি সাধারণ সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে জাতীয়তাবাদী আইসিটি ফোরামের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। সংগঠনের নেতারা বলেন, নতুন গঠনতন্ত্রের মাধ্যমে ফোরামের কার্যক্রম আরও শৃঙ্খলাবদ্ধ, গতিশীল ও প্রাতিষ্ঠানিক ভিত্তি পাবে।

গঠনতন্ত্র অনুমোদনের পর পুনর্গঠিত কমিটিতে প্রফেসর ড. শাহ জে. মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি, রওশন কামাল জেমসকে সাধারণ সম্পাদক, রিয়াদ হাসনাইনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনের নেতারা জানান, নতুন কমিটিতে অভিজ্ঞ সদস্যদের পাশাপাশি নতুন ও সক্রিয় সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে আইসিটি খাতের পেশাজীবী, উদ্যোক্তা ও প্রযুক্তিবিদদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সভায় জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সাধারণ সদস্যপদ উন্মুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়। ফলে দেশের তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী, উদ্যোক্তা, প্রযুক্তিবিদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনের সদস্য হওয়ার সুযোগ পাবেন।

বক্তারা বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণ, নীতিনির্ধারণী আলোচনায় সক্রিয় অংশগ্রহণ এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম ভবিষ্যতেও ভূমিকা রেখে যাবে।

সভা শেষে সংগঠনের ঐক্য ও সাংগঠনিক গতিশীলতা বজায় রেখে ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান নেতারা।