পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি চর্চা এবং অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দুপুরের বিরতিতে সংসদ ভবনে অধিবেশন দেখতে আসা মাদারীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ পরামর্শ দেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন সরকারপ্রধান। পরে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তারা এই স্মরণীয় অভিজ্ঞতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উদ্যোগে তার নির্বাচনী এলাকার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ জন শিক্ষার্থী জাতীয় সংসদের বাজেট অধিবেশন পর্যবেক্ষণে অংশ নেন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, ডোনাভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয় এবং টেকেরহাট পপুলার হাই স্কুল অ্যান্ড কলেজ।
সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় তারা সংসদের ইতিহাস, স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।
