দেশের মানুষের কাছে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে স্মার্টফোনের দাম কমিয়ে সাশ্রয়ী মূল্যে বাজারজাত করা এবং ইন্টারনেটের মূল্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে পারলেই ডিজিটাল রূপান্তরের লক্ষ্য আরও দ্রুত বাস্তবায়ন সম্ভব হবে।
সোমবার (২৯ জুন) সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের (VEON) চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বৈঠকে দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছানো জরুরি। এ লক্ষ্যে বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে হ্যান্ডসেট সরবরাহের উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, ইন্টারনেট যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে জন্য এর মূল্য কমানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
বৈঠকে ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অগ্রগতি এবং ডিজিটাল রূপান্তরের প্রশংসা করেন। তিনি সরকারের ডিজিটাল উন্নয়ন কর্মসূচিতে ভিওনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে।
