বিরোধী দলের এমপিদের এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নে ২০ কোটি টাকার বরাদ্দ

জাতীয় সংসদের বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশন এলাকার বাইরে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, গোরস্তান ও ঈদগাহের উন্নয়নকাজে এই বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “সংসদের অবগতির জন্য জানাচ্ছি, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধীদলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে সিটি করপোরেশন বাদ দিয়ে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্তান ও ঈদগাহের জন্য মঞ্জুর করেছেন।”

মন্ত্রীর বক্তব্যের পর ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে ফ্লোর দেননি। পরে স্পিকার পুনরায় স্থানীয় সরকারমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলে তিনি জানান, সিটি করপোরেশনভুক্ত এলাকাগুলোর জন্য পরবর্তী সময়ে জেলা পরিষদের মাধ্যমে বরাদ্দের ব্যবস্থা করা হবে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের দীর্ঘ সংসদীয় জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনো দিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এইটুকুই শুধু পেয়েছি। প্রাপ্তিযোগে অন্য কিছু হয়নি।”

চলমান বাজেট আলোচনায় দেশের বিভিন্ন সংকট ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের প্রশংসাও করেন স্পিকার। পাশাপাশি নিজের নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয়টি বক্তব্যে তুলে ধরায় তাকে ধন্যবাদ জানান তিনি।

স্পিকার আশা প্রকাশ করেন, বিরোধীদলীয় নেতার উত্থাপিত যৌক্তিক প্রস্তাব ও দাবিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ইতিবাচক ও সুবিচারমূলক সিদ্ধান্ত নেবেন।