মাদকমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। তিনি বলেন, তরুণদের ক্রীড়ামুখী করে তুলতে পারলে মাদকের ভয়াবহতা থেকে সমাজকে অনেকাংশে রক্ষা করা সম্ভব।
সোমবার (২৯ জুন) রাতে রাজধানীর তুরাগে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমাদের মনে রাখতে হবে, পতিত সরকার ও তাদের সহযোগীরা যে কারণে দেশ ছেড়ে পালিয়েছে, সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমাদের নেতা তারেক রহমান যেভাবে দেশকে সামনে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিচ্ছেন, সেই আদর্শ অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি সি এম আনোয়ার হোসেন। তিনি বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ একটি অরাজনৈতিক সংগঠন। মরহুম আরাফাত রহমান কোকো একজন সফল ক্রীড়া সংগঠক ছিলেন এবং দেশের ক্রীড়াঙ্গনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য আগামী প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, যাতে তারা মাদকের ভয়াল থাবা থেকে দূরে থাকতে পারে।”
তুরাগ থানা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মো. ইমন হোসেন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির গবেষণা সেলের সদস্য আমিরুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক রিপন, রাজা ও আবুল এবং ঢাকা মহানগর উত্তর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক নুরুল আফছার নাছির।
আলোচনা সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
