স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নে জাইকার সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কারিগরি সহায়তা, অভিজ্ঞতা ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ ও জাইকার মধ্যকার অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।

রোববার সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও জাইকার চলমান এবং ভবিষ্যৎ উন্নয়ন সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, টেকসই নগর উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে জাইকার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দুই পক্ষের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহযোগিতা গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাইকার কারিগরি ও আর্থিক সহায়তা বাংলাদেশের জন্য বিশেষভাবে সহায়ক হবে।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, জাইকার প্রেসিডেন্টের এ সফর বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে স্থানীয় সরকার খাতসহ বিভিন্ন জনসেবামূলক ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।