রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সক্রিয় সহযোগিতা কামনা জামায়াত আমীরের

রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ঢাকায় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

মঙ্গলবার (৭ জুলাই) ঢাকায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে রোহিঙ্গা সংকট, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশে চীনের বিনিয়োগসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে চীন সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং এবং রাজনৈতিক অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন।

আলোচনায় তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন, বাংলাদেশে চীনের বিনিয়োগ বৃদ্ধি এবং প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও মতবিনিময় হয়।

এ সময় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়। দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এই সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলেও উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।