সেলিমা আহমাদকে স্মরণে ‘উই সেলিমা’ ক্যাম্পেইন, নারী উদ্যোক্তা উন্নয়নে নতুন অঙ্গীকার

নারীর অর্থনৈতিক স্বাবলম্বিতাকেই টেকসই মুক্তির ভিত্তি উল্লেখ করে প্রয়াত নারী উদ্যোক্তা ও সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর নেতারা। একইসঙ্গে সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে তার স্মরণে ‘উই সেলিমা’ নামে বছরব্যাপী একটি বিশেষ কর্মসূচির সূচনা করা হয়েছে।

প্রয়াত নারী উদ্যোক্তা, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘উই সেলিমা’ (ওম্যান এন্টারপ্রেনিউরস, স্কিলস, এমপ্লয়মেন্ট, লিডারশিপ, আইসিটি থ্রু মেন্টরশিপ অ্যান্ড অ্যাক্সিলারেশন) শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সংগঠনটির ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী এ কর্মসূচি পরিচালিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশান ক্লাবে সেলিমা আহমাদের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উল্লেখ্য, গত ২১ জুন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তার জীবন, কর্ম এবং নারী উদ্যোক্তা গড়ে তোলার ক্ষেত্রে অবদানের ওপর নির্মিত ‘জার্নি অব সেলিমা আহমাদ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে একটি ডিজিটাল স্মারক ক্রেস্ট উন্মোচন করা হয়।

স্মরণসভায় বিডব্লিউসিসিআই-এর সভাপতি সঙ্গীতা আহমেদ বলেন, সেলিমা আহমাদের দূরদর্শী নেতৃত্ব এবং নিরলস প্রচেষ্টা দেশের নারী উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার আদর্শ ও অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সংগঠনের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও তিনি জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘উই সেলিমা’ ক্যাম্পেইনের উদ্বোধন। নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং সেলিমা আহমাদের স্বামী আবদুল মতলুব আহমাদ বিডব্লিউসিসিআই-এর পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে নিয়ে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের আওতায় নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নেতৃত্ব বিকাশ, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং বাজার সম্প্রসারণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

আবেগঘন বক্তব্যে আবদুল মতলুব আহমাদ বলেন, সেলিমা আহমাদ শুধু একজন সফল উদ্যোক্তা ছিলেন না, তিনি ছিলেন অসংখ্য নারীর আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার প্রতীক। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে তিনি সারাজীবন কাজ করে গেছেন।

বিডব্লিউসিসিআই-এর পরিচালক রিদমা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন। ভিডিও ও লিখিত বার্তায় শ্রদ্ধা জানান সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজ (সিআইপিই)-এর নির্বাহী পরিচালক অ্যান্ড্রু উইলসন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, শ্রীলঙ্কা উইমেন চেম্বার অব কমার্সের চিত্রাঞ্জলি দিসানায়েক এবং আইসিসি ওয়ার্ল্ড চেম্বার্স ফেডারেশনের চেয়ার মেরি-ক্রিস্টিন ওগলি।

এছাড়া স্মৃতিচারণ করেন বিডব্লিউসিসিআই-এর বোর্ড সদস্য তানিয়া করিম, সেলিনা কাদের, প্রীতি চক্রবর্তী, লিপি খন্দকার এবং শাহানা জেফরিন। অনুষ্ঠানের শেষপর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের পরিচালক নুসরাত আমিন মির্জা।

অনুষ্ঠানের সমাপ্তিতে উপস্থিত সবাই সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ‘ধন ধান্য পুষ্প ভরা’ পরিবেশন করেন। পরে অতিথিরা স্মৃতিচারণ বইয়ে স্বাক্ষর করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রয়াত সেলিমা আহমাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।