নিউইয়র্কে বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৭ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান প্রতিরোধ, আধুনিক নগর নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ইন্টেরিয়র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভী।

আলোচনায় মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার রোধে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা, পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়ায় দুই দেশের জনগণের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

বৈঠকে পাকিস্তানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (সিএনআইসি) প্রাপ্তিতে জটিলতার বিষয়টি উত্থাপন করে বাংলাদেশ। এ সমস্যার মানবিক ও দ্রুত সমাধানে পাকিস্তানের সহযোগিতা কামনা করা হয়।

এ ছাড়া পাকিস্তানের ‘সেফ সিটি’ মডেলের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের নগর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চতর প্রশিক্ষণে সহযোগিতার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে পাকিস্তানের ইন্টেরিয়র মন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। জবাবে সুবিধাজনক সময়ে সফরটি সম্পন্ন করার আগ্রহ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।