তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল দায়িত্ব গ্রহণের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে, যা বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। এ সম্পর্ক আরও জোরদারে নেদারল্যান্ডস সরকারের আগ্রহের কথাও জানান তিনি।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনতে কাজ করছে। গণমাধ্যম ও যোগাযোগ খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নিউ মিডিয়া এবং ডিজিটাল ইকোসিস্টেমের দ্রুত বিকাশ নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ জন্য কার্যকর কৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা জানার আগ্রহ প্রকাশ করেন তিনি।

জবাবে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন নীতিমালা ও কাঠামো প্রণয়নের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে তাদের দেশের বিভিন্ন উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।