পল্লবীর উর্দুভাষী ক্যাম্পে গভীর নলকূপ উদ্বোধন

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উদ্যোগে রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে দুটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে, যা এলাকাবাসীর বহুদিনের একটি গুরুত্বপূর্ণ চাহিদা পূরণ করবে বলে আশা করা হচ্ছে।

রোববার (১৯ জুলাই) সকালে আয়োজিত এক অনুষ্ঠানে গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ সময় তিনি জানান, এটি একটি চলমান কর্মসূচির অংশ এবং পর্যায়ক্রমে এলাকার সব উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “আমার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি ক্যাম্পবাসীদের জন্য বছরজুড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহের কার্যক্রমও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি সরবরাহ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়গুলোও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সম্প্রতি বিভিন্ন সেমিনার ও আলোচনায় তিনি উর্দুভাষী ক্যাম্পগুলোর জীবনযাত্রার বাস্তব চিত্র তুলে ধরেছেন এবং তাদের নাগরিক অধিকার ও মৌলিক সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।

নতুন গভীর নলকূপ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দীর্ঘদিন ধরে নিরাপদ পানির অভাবে তাদের নানামুখী সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় দূরবর্তী স্থান থেকে পানি সংগ্রহ করতে হতো, যা বিশেষ করে নারী ও শিশুদের জন্য অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

স্থানীয়দের ভাষ্য, নতুন এ ব্যবস্থার ফলে এখন নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং দৈনন্দিন জীবনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে। তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং ক্যাম্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ক্যাম্পবাসীদের উদ্দেশে বলেন, তাদের জীবনমান উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, আগামী দিনগুলোতে উর্দুভাষী ক্যাম্পগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন এবং অন্যান্য মৌলিক সেবার উন্নয়নে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে, যাতে এসব এলাকার বাসিন্দারা একটি মর্যাদাপূর্ণ ও উন্নত জীবনযাপনের সুযোগ পান।