দেশের এমন একটি মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কোনো গ্রামের মানুষ চিকিৎসার অভাবে প্রাণ না হারায় এবং কোনো অন্তঃসত্ত্বা মা বা নবজাতক প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হয় বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
তিনি বলেছেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে, যা বিশ্বের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ মানুষের সুস্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এ আয়োজন করা হয়।
নতুন প্রজন্মের চিকিৎসকদের উদ্দেশে ডা. জুবাইদা রহমান বলেন, চিকিৎসক হওয়া শুধু একটি পেশায় যুক্ত হওয়ার বিষয় নয়, এটি মানবসেবার একটি বড় দায়িত্ব। একজন চিকিৎসকের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা। অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুস্থ করে তোলার মধ্যেই একজন চিকিৎসকের জীবনের প্রকৃত সার্থকতা রয়েছে।
দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে প্রতি হাজার মানুষের বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৮৩, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম। বর্তমানে একজন চিকিৎসককে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০ রোগীর সেবা দিতে হচ্ছে।
তিনি বলেন, দেশের প্রায় ৭৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও ৭০ থেকে ৭৫ শতাংশ চিকিৎসক শহরাঞ্চলে কর্মরত। ফলে গ্রামীণ জনগোষ্ঠী প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পেতে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। এই বৈষম্য দূর করতে চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে মানুষের সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।
জুবাইদা রহমান বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হলে চিকিৎসকদের দায়িত্ববোধ, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের সমন্বয় প্রয়োজন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে তরুণ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
মেধাবী শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও বিশেষায়িত প্রশিক্ষণের বিষয়ে উৎসাহ দিয়ে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে হবে। তবে সেই অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, সংকটময় সময়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা চিকিৎসকদের অন্যতম দায়িত্ব। দেশের মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য খাতের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, সংস্কৃতি মানব সভ্যতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। সংস্কৃতিচর্চা মানুষের চিন্তা, মনন ও মূল্যবোধকে সমৃদ্ধ করে এবং একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তাদের প্রশংসা করেন।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কে এম মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি হারুন আল রশিদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি চিকিৎসাসেবা ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন।
