রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে শক্তিশালী বিস্ফোরক উদ্ধার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনাটিকে জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি উল্লেখ করে এর পেছনে জড়িত ব্যক্তি ও পরিকল্পনাকারীদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে দলটি।
শনিবার (২৫ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান। তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এ ধরনের বিস্ফোরক উদ্ধারের ঘটনা শুধু নিরাপত্তা ব্যবস্থার জন্যই নয়, সাধারণ মানুষের জন্যও বড় ধরনের উদ্বেগের বিষয়।
গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পরে বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে এক পথচারী আহত হন।
এ ঘটনার প্রতিক্রিয়ায় মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজধানীর প্রাণকেন্দ্রে এবং প্রতিদিন হাজারো মানুষের যাতায়াতের স্থানে এমন বিস্ফোরক পাওয়া যাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিত করা, অস্থিরতা সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো হতে পারে। তাই ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় উদঘাটনে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। মেট্রোরেল স্টেশন, রেলস্টেশন, বাস টার্মিনাল, বিমানবন্দর, সরকারি স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, সম্ভাব্য নাশকতা ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে নিয়মিত নজরদারি এবং নিরাপত্তা তল্লাশি জোরদার করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বিবৃতিতে বোমা নিষ্ক্রিয়করণকালে আহত পথচারীর প্রতি সমবেদনা জানিয়ে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি আহত ব্যক্তির প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি, সহযোগী এবং পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সাহস না পায়।
তিনি দেশবাসীর প্রতিও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো সন্দেহজনক বস্তু, ব্যক্তি বা কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জননিরাপত্তা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জামায়াতের মতে, মতিঝিলে বিস্ফোরক উদ্ধারের ঘটনাটি বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে এবং জনমনে আস্থা ফিরবে।
