বিদ্যুৎে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের মূল্য ১০৯ টাকা ১০ পয়সা থেকে কমিয়ে ১০০ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ৩০ জুন কমিশন সর্বশেষ ফার্নেস অয়েলের দাম পুনর্নির্ধারণ করেছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী ১ জুলাই থেকে প্রতি লিটারের দাম ১১৩ টাকা ৫৪ পয়সা থেকে কমিয়ে ১০৯ টাকা ১০ পয়সা করা হয়। এরও আগে এক দফায় প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা মূল্য বৃদ্ধি করা হয়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গণশুনানির মাধ্যমে ফার্নেস অয়েলের মূল্য নির্ধারণের দায়িত্ব নেয় বিইআরসি। এরপর আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার ভিত্তিতে প্রতি মাসে নিয়মিতভাবে এ জ্বালানির মূল্য পর্যালোচনা ও সমন্বয় করে আসছে কমিশন।

দেশের বিদ্যুৎ উৎপাদনে ফার্নেস অয়েল গুরুত্বপূর্ণ জ্বালানি হওয়ায় নতুন মূল্য কার্যকর হলে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কিছুটা কমতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।