সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনের সব স্তরে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে পারস্পরিক সমন্বয় ও কার্যকর যোগাযোগের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রশাসনে দক্ষতা ও মেধার ভিত্তিতে জনবল নিয়োগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও জোর দেওয়া হচ্ছে।
তিনি জানান, সরকারি কর্মকর্তাদের পেনশন আবেদন থেকে অনুমোদন পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত এক অতিরিক্ত সচিবের পেনশন ডিজিটাল পদ্ধতিতে অনুমোদনের মাধ্যমে নতুন ব্যবস্থার কার্যক্রম শুরু হয়েছে।
প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (জেমস)-এ পরিবর্তন আনার কথাও উল্লেখ করেন ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও দ্রুত, দক্ষ ও নিরপেক্ষ হবে বলে আশা করা হচ্ছে।
১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতির বিষয়ে তিনি বলেন, শূন্য পদে নিয়োগের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কোনো ধরনের শিথিলতার সুযোগ নেই। সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্ধারিত সময়সীমার মধ্যেই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। এছাড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং অনলাইনের মাধ্যমে বিভাগীয় কমিশনাররা সভায় অংশ নেন।
