বৃহস্পতিবার জানা যাবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আনুষ্ঠানিকভাবে জানানো হবে। দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রার্থী চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন বিএনপির চিফ হুইপ ও ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এর আগে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি প্রার্থী নির্বাচন নিয়ে বিএনপির অভ্যন্তরে এবং দলের স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রার্থীর নাম চূড়ান্ত ও প্রকাশের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি নাম ঘোষণা করবেন।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা দেওয়া হয়নি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে ফল ঘোষণা করা হবে।

চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত স্পিকারের ভোট দেওয়ার দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, এই নির্বাচনের ক্ষেত্রেও দলীয় সিদ্ধান্ত মেনে ভোট দিতে হবে সংসদ সদস্যদের। কেউ দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হওয়ার বিধান রয়েছে।

তবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি কার্যকর হলে ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা বাড়ছে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনপি এখনো প্রার্থীর নাম প্রকাশ না করলেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য সাবেক সেনা কর্মকর্তা অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে।

এ বিষয়ে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি নির্বাচনকে অংশগ্রহণমূলক করার লক্ষ্যেই তারা নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন। তাদের বিবেচনায় অলি আহমদ বর্তমান পরিস্থিতিতে একজন গ্রহণযোগ্য প্রার্থী।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ’-এর আলোকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা উচিত ছিল। এতে নির্বাচিত রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা আরও বাড়ত বলে মনে করেন তিনি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, মঙ্গলবারের প্রস্তুতিমূলক সভায় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা ও অন্যান্য প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।

সভায় চিফ হুইপ ও বিরোধীদলীয় চিফ হুইপের পাশাপাশি হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।