আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন এবং ভোটগ্রহণ শেষে একই কক্ষেই প্রকাশ্যে ব্যালট গণনা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ফিরে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ইসি সচিব জানান, ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে। কোনো সংসদ সদস্য অনিবার্য কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে দেরি করতে পারেন, সেই বিষয়টি বিবেচনায় রেখেই বিকেল ৫টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
ভোট দেওয়ার জন্য সংসদ সদস্যদের অধিবেশন কক্ষের নিজ নিজ আসনে অবস্থান করতে হবে। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রত্যেক সদস্যের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন।
ব্যালটে থাকবে দুই অংশ
আখতার আহমেদ জানান, প্রতিটি ব্যালট পেপার দুটি অংশে বিভক্ত থাকবে। এর একটি হবে মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট।
মুড়ি অংশে প্রার্থীর ক্রমিক নম্বর, ভোটারের নাম, বিভক্তি নম্বর এবং স্বাক্ষরের জন্য নির্ধারিত ঘর থাকবে। অন্যদিকে মূল ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম দেওয়া থাকবে।
ভোট দেওয়ার সময় সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত ফাঁকা স্থানে প্রার্থীর পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।
থাকবে তিন স্বচ্ছ ব্যালট বাক্স
সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুবিধার জন্য অধিবেশন কক্ষে তিনটি স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে। ভোটাররা নিজেদের সুবিধামতো যেকোনো একটি বাক্সে ব্যালট জমা দিতে পারবেন।
ইসি সচিব বলেন, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো অধিবেশন কক্ষেই খোলা হবে। সেখানেই সরাসরি ভোট গণনার কাজ শুরু হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে চার বা পাঁচ সদস্যের একটি ব্যালট গণনা দল ভোটের হিসাব সম্পন্ন করবে। মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ ও কতটি বাতিল হয়েছে এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা গণনা শেষে নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিস অধিবেশন কক্ষেই ফল ঘোষণা করবেন।
পরে নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফলের সরকারি গেজেট প্রকাশ করা হবে।
সরাসরি সম্প্রচারের ব্যবস্থা
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা কার্যক্রম অধিবেশন কক্ষ থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ইসি সচিব।
সাংবাদিকদের জন্যও নির্ধারিত স্থান রাখা হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্ব পালনকারী ২০ কর্মকর্তাকে বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানান আখতার আহমেদ।
সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। এবারও জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষেই সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে।
