বাংলাদেশে কার্যক্রম আরও বিস্তৃত করা, স্থানীয় অফিস স্থাপন এবং দ্রুতগতির ডিজিটাল সেবা নিশ্চিত করতে অবকাঠামো গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে মেটার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী (অব.)-এর সঙ্গে মেটার প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে মেটার দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার পাবলিক পলিসির পরিচালক Yuen Ting Chay, বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান Ruzan Sarwar এবং APAC-এর লিড এজ স্ট্র্যাটেজি Matt Jansen উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশে মেটার কার্যক্রম আরও সম্প্রসারণ এবং বিটিআরসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় জোরদারের বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দেয়। এ সময় বাংলাদেশে মেটার একটি স্থানীয় অফিস স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় বিটিআরসি।
দেশে মেটার প্ল্যাটফর্মগুলোর বিপুল ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরে বাংলাদেশে স্থানীয় কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক (CDN) অথবা এজ নোড স্থাপনের অনুরোধও জানানো হয়। বিটিআরসির মতে, দেশে এ ধরনের অবকাঠামো গড়ে উঠলে ব্যবহারকারীরা আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পাবেন এবং সেবার মানও উন্নত হবে।
মেটার প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আগের ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশের কয়েকটি বিধানের কারণে বাংলাদেশে স্থানীয় CDN বা এজ নোড স্থাপনের ক্ষেত্রে আইনি ও দাপ্তরিক জটিলতা ছিল। তবে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৬-এ এ ধরনের বাধা না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়টিও গুরুত্ব পায়। ক্ষতিকর কনটেন্ট দ্রুত শনাক্ত ও অপসারণের পাশাপাশি প্রতারণা, বেটিং ও জুয়ার প্রচারণা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য মেটাকে আহ্বান জানানো হয়।
বিটিআরসি চেয়ারম্যান এসব কনটেন্ট শনাক্ত ও নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধে মেটার সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তিনি।
মেটার প্রতিনিধিরা জানান, বিশ্বব্যাপী কর্মী পুনর্গঠন ও জনবল কমানোর কারণে প্রতিষ্ঠানটির কিছু কার্যক্রমে সাময়িক ধীরগতি তৈরি হয়েছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশ্বস্ত করেন।
বৈঠকে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিকসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
