প্রশাসনে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি, উপসচিব হলেন সিনিয়র সহকারী সচিবরা

প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন ক্যাডারসহ অন্যান্য ক্যাডারের ২৭৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে উন্নীত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে দেশে কর্মরত ২৬২ জন এবং বিদেশে বাংলাদেশি বিভিন্ন মিশনে দায়িত্ব পালনরত ১৫ জন রয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদোন্নতির আদেশ জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের পদোন্নতিতে নিয়মিত ব্যাচ হিসেবে ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি আগের বিভিন্ন ব্যাচের পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদেরও তালিকায় রাখা হয়েছে। অন্যান্য ক্যাডার থেকেও নির্ধারিত কোটা ও বিধি অনুসরণ করে কয়েকজন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ই-মেইলের মাধ্যমে অথবা সরাসরি যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পদোন্নতির আদেশে কর্মকর্তাদের জন্য একটি সতর্কতামূলক শর্তও রাখা হয়েছে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী সময়ে বিরূপ বা নেতিবাচক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতির প্রজ্ঞাপন কিংবা এর প্রয়োজনীয় অংশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা সরকারের থাকবে।

প্রশাসনে উপসচিবসহ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতির ক্ষেত্রে সাধারণত কর্মকর্তাদের মেধা, জ্যেষ্ঠতা, কর্মদক্ষতা ও সামগ্রিক চাকরিজীবনের মূল্যায়ন করা হয়। এ ক্ষেত্রে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে সুপারিশ করে থাকে। এসএসবির সুপারিশের ভিত্তিতেই সরকার এবার ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।