দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের কার্যক্রমে কতটা সন্তুষ্টি এসেছে, সেটির চূড়ান্ত মূল্যায়ন জনগণই করবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার সন্তুষ্ট কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে মানুষের প্রত্যাশা অনুযায়ী আরও ভালো অবস্থায় নিতে সরকারের সময় প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির বিষয়টি জনগণের মতামতের ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, মাত্র ছয় মাসে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। একই সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বেশ কিছু কার্যকর উদ্যোগ নিয়েছে। সরকারের বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে মানুষের প্রশংসা পেয়েছে বলেও তিনি দাবি করেন।
গত ছয় মাসে বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি হলেও বাংলাদেশে দীর্ঘ সময় ধরে জ্বালানির দাম বাড়ানো হয়নি। বোরো মৌসুম শেষ হওয়ার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহনীয় পর্যায়ে দাম সমন্বয় করা হয়েছে।
জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব সম্পদের ওপর গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, দেশের স্থল ও সমুদ্রভাগে গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে নিজস্ব গ্যাসসম্পদ কাজে লাগিয়ে সংকট মোকাবিলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও অনুদানের কার্যক্রম শুরু হয়েছে।
ক্রীড়াবিদ ও সংস্কৃতিকর্মীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
খাদ্য নিরাপত্তা নিয়েও সরকার প্রস্তুত রয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় খাদ্য প্রকিউরমেন্ট কমিটির মাধ্যমে পরিকল্পিতভাবে খাদ্য সংগ্রহ করায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের বিস্তারিত অগ্রগতি সংকলন করে শিগগিরই প্রধানমন্ত্রীর প্রেস সেকশন থেকে গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
