সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ছয় মাসে দেশে কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তাঁর ভাষ্য, গত ১৮০ দিনে বাকস্বাধীনতা, আইনের শাসন ও মানবাধিকারের ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহনশীলতা দেখিয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ সম্মেলন কেন্দ্রে সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘১৮০ দিন: মানুষের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠা’ শীর্ষক অনুষ্ঠানে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের কথা তুলে ধরা হয়।
মাহদী আমিন বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার পর বর্তমান সরকার এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে, যেখানে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি সম্মান থাকবে। তাঁর দাবি, বিভিন্ন সময়ে উসকানি কিংবা অশোভন আচরণ হলেও সরকার ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের চেতনা ধারণ করে সরকার এগিয়ে যাচ্ছে। বর্তমান সংসদও আগের তুলনায় বেশি প্রাণবন্ত বলে দাবি করেন তিনি। সংসদের প্রথম অধিবেশনেই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অংশ হিসেবে শতাধিক অধ্যাদেশ আইনে পরিণত হয়েছে বলেও জানান তিনি।
সন্ত্রাসবিরোধী সংশোধিত আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টিও তাঁর বক্তব্যে উঠে আসে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সরকারের অন্যতম বড় অর্জন হিসেবে মানুষের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার বিভিন্ন দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, সরকার প্রচলিত ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।
সরকারের ছয় মাসের বিভিন্ন কার্যক্রমের বিবরণ দিতে গিয়ে মাহদী আমিন বলেন, দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রায় ১৩ লাখ কৃষক পরিবার উপকৃত হয়েছে।
এ ছাড়া রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমিক অসন্তোষ এড়ানো, বাজারে সিন্ডিকেট প্রতিরোধ এবং অর্থপাচার করে বিদেশে নেওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগের কথাও জানান তিনি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও এগিয়ে চলছে বলে উল্লেখ করেন।
শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, সর্বশেষ এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের ঘাটতি পূরণে ২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথাও জানান তিনি।
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে নতুন বিষয় যুক্ত করা, মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা এবং পর্যায়ক্রমে মিড-ডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার কাজ চলছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রতিবেশী দেশের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।
পররাষ্ট্রনীতির বিষয়ে মাহদী আমিন বলেন, সরকারের নীতির মূল ভিত্তি ‘সবার আগে বাংলাদেশ’। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী ও ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
