জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের রদবদল করা হয়েছে। কর অঞ্চল, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে পরিবর্তন এনেছে সংস্থাটির প্রশাসন। একযোগে ২২ কর কমিশনারের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার কর অঞ্চল-৪-এর কর কমিশনার সেলিনা সুলতানাকে সিআইসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর কর কমিশনার করা হয়েছে।
বৃহস্পতিবার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়। একই দিনে ১২ জন অতিরিক্ত কর কমিশনারকে প্রথমে কর কমিশনার পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। পরে তাদেরসহ অন্য কর কমিশনারদের বিভিন্ন কর অঞ্চল ও ইউনিটে পদায়ন করা হয়।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এনবিআরে এটিকে এখন পর্যন্ত বড় ধরনের রদবদল হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনে চলমান পরিবর্তনের ধারাবাহিকতায় এবার কর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতেও পরিবর্তন আনা হলো।
এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর কর গোয়েন্দা ইউনিটেও পরিবর্তন করা হয়েছিল। সে সময় আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিবকে সিআইসির মহাপরিচালক করা হয়। তার স্থলে ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার লুৎফুন্নাহার বেগমকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে বৃহস্পতিবারের নতুন প্রজ্ঞাপনে লুৎফুন্নাহার বেগমকে আবারও ঢাকার কর অঞ্চল-১৯-এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কর প্রশাসনে এর আগে বড় ধরনের রদবদল হয়েছিল ২০২৪ সালে। ওই বছরের আগস্টে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেপ্টেম্বরে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়। এনবিআরের ইতিহাসে সেটিকে ব্যতিক্রমী ও বড় ধরনের রদবদল হিসেবে দেখা হয়েছিল।
সেই পরিবর্তনের অংশ হিসেবে তৎকালীন সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে সরিয়ে ঢাকার কর অঞ্চল-১৫-এর তৎকালীন কমিশনার আহসান হাবিবকে সিআইসির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আহসান হাবিবকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্য দিয়ে সংস্থাটির শীর্ষ পর্যায়েও পরিবর্তন আসে।
নতুন করে ২২ কর কমিশনারের দায়িত্ব পুনর্বিন্যাস এবং সিআইসির মহাপরিচালক পদে পরিবর্তনের ফলে এনবিআরের কর প্রশাসনে বড় ধরনের পুনর্বিন্যাস ঘটল।
