দক্ষতার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিতে জোর দিলেন তথ্যমন্ত্রী

তরুণদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, শুধু চাকরিপ্রত্যাশী দক্ষ জনশক্তি তৈরি করলেই হবে না, কর্মসংস্থানের বাজারও বড় করতে হবে। এর জন্য অর্থনীতি, শিল্পনীতি ও রাষ্ট্রীয় কাঠামোর সমন্বিত ভূমিকা প্রয়োজন।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তরুণদের নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনীতির সামগ্রিক চিত্র বুঝতে হবে। ব্যক্তিগত ক্যারিয়ার গড়ার সঙ্গে জাতীয় স্বার্থের বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, নতুন চাকরি সৃষ্টি ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি শুধু ব্যক্তিগত উদ্যোগে সম্ভব নয়। এর পেছনে অর্থনীতি, শিল্পনীতি এবং রাষ্ট্রীয় নীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রাষ্ট্রীয় নীতির মাধ্যমে একটি শিল্প খাত কীভাবে বিকশিত হতে পারে, তার উদাহরণ হিসেবে বাংলাদেশের পোশাকশিল্পের কথা তুলে ধরেন তিনি। মন্ত্রীর ভাষ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে প্রযুক্তি ও জ্ঞান এনে দেশের জনশক্তিকে পোশাকশিল্পে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

তিনি বলেন, উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাক-টু-ব্যাক এলসি, ব্যাংক ঋণসহ বিভিন্ন নীতিগত সহায়তার ফলে দেশে পোশাকশিল্পের শক্ত ভিত্তি তৈরি হয়। পরবর্তী সময়ে এ খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।

দেশের বড় জনসংখ্যার কর্মসংস্থান নিশ্চিত করতে প্রচলিত চাকরির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর কথাও বলেন তথ্যমন্ত্রী। শিল্প, প্রযুক্তি ও উৎপাদনের নতুন ক্ষেত্র তৈরি করে কর্মসংস্থানের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, তরুণদের ক্যারিয়ার পরিকল্পনায় জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে। শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করাই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত নয়; সেই দক্ষতা ও সাফল্য যেন দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে কাজে লাগে, সেদিকেও নজর দিতে হবে।

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ‘চোরগউসান ফর চিল্ড্রেন’ ও ‘এডুকো’ যৌথভাবে চাকরি মেলার আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ। আরও বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।