পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে বসবাস শুরু করেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে বঙ্গভবনে পৌঁছে গার্ড অব অনার গ্রহণের পর নিজ কার্যালয়ে প্রবেশ করেন তিনি। পরে দাপ্তরিক নথিতে স্বাক্ষর এবং পরিদর্শন বইয়ে সইয়ের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত কার্যক্রম শুরু করেন।
রোববার বেলা ১১টার দিকে সহধর্মিণী রাহাত আরা বেগম ও পরিবারের সদস্যদের নিয়ে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধানের গাড়িবহর বঙ্গভবনের প্রধান ফটকে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে অভ্যর্থনা জানায়। অশ্বারোহী দলটি রাষ্ট্রপতির গাড়িবহরকে এসকর্ট করে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়।
সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি অভিবাদন গ্রহণের পাশাপাশি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন।
পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।
আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এর মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হয়। পরে বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।
প্রথম কর্মদিবসে রাষ্ট্রপতি কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে কর্মকর্তাদের কাছ থেকে অবহিত হন। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত পর্যালোচনা বৈঠক করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাকে শপথ পাঠ করান।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রীর দায়িত্বে ছিলেন। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর হেয়ার রোডের সরকারি বাসভবন ছেড়ে এবার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠলেন তিনি।
