পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছে সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে নির্ধারিত বিষয়গুলোতে দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে হুমায়ুন কবিরকে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনিবাসী বাংলাদেশিদের বিষয় এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য দায়িত্বও তিনি পালন করবেন।
অন্যদিকে শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিষয় দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। তার দায়িত্বের মধ্যে রয়েছে মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং সৃজনশীল অর্থনীতি।
এ ছাড়া এলডিসি উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিও শামা ওবায়েদ ইসলামের দায়িত্বের আওতায় রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, দায়িত্ব বণ্টনের এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।
নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিশেষায়িত বিষয় দুই প্রতিমন্ত্রীর মধ্যে ভাগ করে দেওয়া হলো। পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ও তত্ত্বাবধানে তারা নিজ নিজ ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন।
