- নিজস্ব প্রতিবেদক
আশুলিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর নিতে সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় নিহতদের পরিবার ও চিকিৎসাধীন গুরুতর আহত প্রত্যেককে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে জরুরি আর্থিক সহায়তা দেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৭টার দিকে ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় প্রীতি গ্রুপের প্রতিষ্ঠান প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটে।
হাসপাতাল পরিদর্শনকালে এলজিআরডিমন্ত্রী আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী অগ্নিকাণ্ডে হতাহতদের খোঁজখবর নিতে তারা হাসপাতালে এসেছেন। প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের বিষয়ে খোঁজখবর রাখছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে সরকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আশুলিয়ার অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে রয়েছে সরকার। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
