- নিজস্ব প্রতিবেদক
ঢাকার চাঁনখারপুল এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে পি কে গাঙ্গুলী লেনের একটি চারতলা ভবনের মেস থেকে অনিক চন্দ্র পাল (২১) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। তাঁর পরিবার বর্তমানে সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।
মেসের সদস্যদের বরাতে জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনিকের কক্ষে কোনো সাড়াশব্দ না পেয়ে অন্যরা সন্দেহ করেন। এ সময় তাঁর এক রুমমেট ভারতে অবস্থান করছিলেন। পরে দীর্ঘ সময় দরজায় নক করেও সাড়া না পেয়ে মেসের সদস্যরা দরজা ও জানালা ভেঙে কক্ষে প্রবেশ করেন। সেখানে ফ্যান ঝোলানোর রডের সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় অনিককে ঝুলতে দেখা যায়।
পরে সহপাঠীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, রাতে অনিককে ফোনে না পেয়ে তাঁর এক বান্ধবী বিষয়টি মেসের অন্যদের জানান। এরপরই তাঁরা কক্ষে গিয়ে অনিকের কোনো সাড়া না পেয়ে দরজা খুলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
অনিকের সহপাঠীদের কয়েকজন জানান, তিনি কিছুটা চুপচাপ স্বভাবের ছিলেন। অনেক সময় হেডফোন কানে দিয়ে নিজের মতো করে রুমে থাকতেন। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। অনিকের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা ঢাকায় আসার পর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
