পল্লবীতে বাবার সামনে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকার পল্লবীতে বাবার সামনে ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রিফাতের বাবাও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত রিফাত পল্লবীর ১২ নম্বর সেকশনের ‘ডি’ ব্লকের ২৫ নম্বর সড়কে থাকতেন। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে।

পুলিশ জানায়, সোমবার দুপুরে ‘মাদক’ নিয়ে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটে। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আবু কাইয়ুম জানান, দুপুর ২টার দিকে পল্লবী পুরাতন থানার পেছনে রেনেসাঁ মোড়ে রিফাতকে তার বন্ধুরা ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “গাঁজা সেবন নিয়ে রিফাতের সঙ্গে তার বন্ধুদের বিতণ্ডা হয়। বন্ধুরা রিফাতকে আটকে রেখে মারধর ও ছুরিকাঘাত করে। পরে তার বাবা খবর পেয়ে সেখানে গেলে বন্ধুদের সঙ্গে তারও বিতণ্ডা হয়। এসময় রিফাতের বন্ধুরা তাকে ছুরিকাঘাত করে।”

দুজনকে হাসপাতালে নেওয়ার পর রিফাতের মৃত্যু হয়। রিফাতের বাবা সাগর খান সাংবাদিকদের বলেন, “ছেলেকে আটকের খবর পেয়ে সেখানে গেলে তারা টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলার কথা জানায়। পরে কথা বলার এক পর্যায়ে তারা আমার ওপরও হামলা চালায়।”

পুলিশ কর্মকর্তা কাইয়ুম জানান, সাগর খান এখন আশঙ্কামুক্ত। তিনি আরও বলেন, “রিফাতের বন্ধুদের পরিচয় পাওয়া গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।”