গোপালগঞ্জ-২ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ডা. কে এম বাবর। বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র হাতে পেয়েছেন বলে প্রার্থী নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩ নভেম্বর দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়, যেখানে গোপালগঞ্জ-২ আসনে ডা. কে এম বাবরের নাম ছিল। তবে এই আসন থেকে আরও কয়েকজন বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। গত ২৭ নভেম্বর মনোনয়ন বঞ্চিত পাঁচজন প্রার্থী বদলের দাবিতে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ করেন। পরবর্তীতে মতুয়া সম্প্রদায় থেকে কেউ মনোনয়ন পাচ্ছেন বলে খবর ছড়ালেও সব শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয় ডা. কে এম বাবরকে।
মনোনয়ন পাওয়ার পর ডা. কে এম বাবর বলেন, “দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। গোপালগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করে দেশনেত্রীকে এ আসনটি উপহার দেব ইনশাআল্লাহ।”
তাঁর চূড়ান্ত মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী (আংশিক) এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটল।
