নতুন করে বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক মাসেরও কম সময় আগে আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার আবেদন গ্রহণ শুরু করবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে।
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ২০২৫ সালে প্রণীত স্কুল-কলেজের এমপিও নীতিমালার আলোকে নতুন প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত হবে।
চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নতুন করে এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা পাবে বলেও জানিয়েছেন তিনি। তবে কতগুলো স্কুল-কলেজ এমপিওভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এই কর্মকর্তা।
মোরশেদ আলী বলেন, “কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে, সে সিদ্ধান্ত সরকারের। সরকার আর্থিক সক্ষমতা অনুযায়ী ও নীতিমালার আলোকে এমপিওভুক্তির জন্য নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করবেন।”
