ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার নির্বাচন কমিশনে আরও ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে। তিন দিনে আপিলের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি।
স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হিসেবে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়েছিল। রিটার্নিং কর্মকর্তারা ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন। এর ফলে বৈধ প্রার্থীর সংখ্যা এখন ১ হাজার ৮৪২ জন।
সোমবার প্রথম দিন ৪২টি, মঙ্গলবার ১২২টি এবং বুধবার ১৩১টি আপিল আবেদন জমা পড়ে। আপিল আবেদন গ্রহণ ৯ জানুয়ারি পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল আবেদনের শুনানি করে নিষ্পত্তি করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।
নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
