সুদানে ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবারের ২৪ জন নিহত

সুদানের গৃহযুদ্ধে বিধ্বস্ত মধ্যাঞ্চলে বাস্তুচ্যুত কয়েকটি পরিবার বহনকারী একটি গাড়িতে আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে বলে জানা গেছে।

চিকিৎসা পর্যবেক্ষক গোষ্ঠী সুদান ডক্টরস নেটওয়ার্কের তথ্যমতে, শনিবার উত্তর কর্দোফান রাজ্যের রাহাদ শহরের কাছে এই হামলাটি ঘটে। গাড়িটিতে যারা ছিলেন তারা এলাকার চলমান লড়াই থেকে বাঁচতে পালাচ্ছিলেন। নিহত শিশুদের মধ্যে দুইজন নবজাতকও রয়েছে।

এই হামলার মাত্র একদিন আগে, শুক্রবার একই অঞ্চলে বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউএফপি) একটি মানবিক ত্রাণবাহী গাড়িবহর ও জ্বালানিবাহী লরিতেও ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়। সে হামলায় অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

উত্তর কর্দোফানের রাজ্য সরকার ডব্লিউএফপির গাড়িবহরে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং আরএসএফ নেতৃত্বের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

এই হামলাগুলো ঘটেছে প্রদেশটির রাজধানী এল-ওবেইদ এবং প্রতিবেশী হোয়াইট নীল রাজ্যের গুরুত্বপূর্ণ শহর কোস্তিকে সংযোগকারী সড়কে। জাতিসংঘের এক কর্মকর্তার বর্ণনায়, কোস্তি থেকে এল-ওবেইদ শহরের কাছে আটকে পড়া বাস্তুচ্যুত মানুষের জন্য জীবনরক্ষাকারী খাদ্য সরবরাহ করছিল সেই বহরটি।

সুদানে সরকারি সেনাবাহিনীর (এসএএফ) সঙ্গে বিদ্রোহী আরএসএফের লড়াই প্রায় তিন বছর ধরে চলছে। গত বছর উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশের আরএসএফের দখলে চলে যাওয়ার পর থেকে কর্দোফান অঞ্চলে যুদ্ধের তীব্রতা বেড়েছে।

এই সংঘাতে এ পর্যন্ত লাখো মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় এক কোটি দশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির বিস্তীর্ণ অঞ্চল যুদ্ধের কারণে মারাত্মক খাদ্য সংকট ও দুর্ভিক্ষের মুখোমুখি।