রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে

স্ব-স্ব কেন্দ্রে ভোট দিয়েছেন প্রার্থীরা

রাঙ্গুনিয়া চট্টগ্রাম প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পাশাপাশি আজ একই দিনে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উৎসবমুখর পরিবেশে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাঙ্গুনিয়া ৭ সংসদীয় আসনে ৯২টি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে। নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচন ও গণভোটে ভোটাররা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করছেন ভোটাররা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। তবে সকালে প্রতিটি ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি খুব কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশিষ্টরা। এছাড়াও জানা যায় স্ব স্ব ভোটকেন্দ্রে প্রার্থী ও পরিবারের সকলকে নিয়ে ভোট দিয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটা পর্যন্ত এই আসনে ৪৫-৫৫ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে।

উল্লেখ্য, রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৪৫ জন, নারী ১ লাখ ৫১ হাজার ১১৮ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

সরেজমিনে উত্তর রাঙ্গুনিয়ার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, নারী-পুরুষ ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন। বিশেষ করে তরুণ ও নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ ১৭ বছর পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে অনেক ভোটার জানান, আজকের ঠিক ১৯৮৬ সালের নির্বাচন মতো হয়েছে। একই সঙ্গে জনপ্রতিনিধি নির্বাচন ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।

এদিকে, সকাল ৯টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী এবং তাঁর মা, বড় ভাই, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কেন্দ্রে এসে ভোট দেন। ভোট শেষে তিনি বলেন, “২০০৮ সালে বাবার সঙ্গে ভোট দিতে এসেছিলাম। এবার নিজের জন্য ভোট দিতে এসেছি। নতুন বাংলাদেশে নতুন পরিবেশে ভোট দিয়েছি, এই অনুভূতি অন্যরকম। এখন মানুষ ঈদের আনন্দের মতো উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি। দীর্ঘ ১৭ বছর পর মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। আমি শুধু দলের এমপি হতে চাই না, সব মতের মানুষের প্রতিনিধি হতে চাই।” তবে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে টাকা বিতরণের চেষ্টার অভিযোগও তুলেন।

অন্যদিকে, ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম সকাল ৯টায় লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন। তিনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ভোট দিতে এসে ধাক্কা খাওয়ার অভিযোগ করেন এবং শিলক ইউনিয়নে এক কর্মী আহত হওয়া ও রানীরহাটে এজেন্টের সঙ্গে বাকবিতণ্ডার অভিযোগ করেন। তিনি বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসছে এবং এখন পর্যন্ত নির্বাচনের জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। আমরা চাই, পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হোক।

এছাড়াও ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাছান সকাল সাড়ে ৮টায় বিআইজেড স্কুল কেন্দ্রে ভোট দেন। তিনিও বেতাগী ইউনিয়নে তার এজেন্টকে বাধা দেওয়ার অভিযোগ করেন। এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এডভোকেট আব্দুল্লাহ আল হারুন জানান নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সব মিলিয়ে, শান্তিপূর্ণ পরিবেশে রাঙ্গুনিয়া-৭ আসনে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল ও গণভোটে জনমত কোন দিকে যায়—সেদিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো দেশবাসি।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নাজমুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে  ম্যাজিস্ট্রেট, নিবার্হী ম্যাজিস্ট্রট, পুলিশ, বিজিবি আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। নির্বাচনের  পরিবেশ অনেকটাই ভালো রয়েছে।এখন পর্যন্ত কোথাও কোন সহিংসতা ও অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায় নাই। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। দুপুর আড়াইটা পর্যন্ত ৪৫-৫৫ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।