ফ্যাসিস্ট শাসনে একুশ অবরুদ্ধ ছিল, এবার মুক্ত: মির্জা ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে গত বছরগুলোতে একুশে ফেব্রুয়ারি অবরুদ্ধ ছিল। তিনি মনে করেন, এবারের একুশে ফেব্রুয়ারি সত্যিকার অর্থেই মুক্ত, আর তাই তাদের অনুভূতি ভিন্ন রকম।

আজ শুক্রবার একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, নির্বাচনের পর বিএনপির নেতৃত্বে তারেক রহমানের সরকার গঠিত হয়েছে। এখন জনগণের প্রত্যাশা অনেক বেড়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনে তারা একটি সত্যিকারের ইনসাফভিত্তিক গণতান্ত্রিক সমাজ গঠন করতে চান। একুশের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা—সেই চেতনাকে ধারণ করেই তারা এগিয়ে যেতে চান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেন, নতুন একুশের অনুপ্রেরণা নিয়ে তারা জনগণের কল্যাণে কাজ করতে পারবেন। সেই সঙ্গে মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।