টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন রেকর্ড, চার উইকেটের মালিক এখন এককভাবে অ্যাডাম জাম্পা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন অ্যাডাম জাম্পা। ওমানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে এক ম্যাচে চার উইকেট শিকারের ঘটনায় টপকে গেলেন সাকিব আল হাসান, রাশিদ খানদের। পাশাপাশি টুর্নামেন্টটির ইতিহাসে দ্রুততম সময়ে ৪৪ উইকেটের মাইলফলকও ছুঁয়ে ফেললেন এই অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।

শুক্রবার পাল্লেকেলেতে ওমানের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয় ওমান। জবাবে মাত্র ১৫ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। এই জয়ের নায়ক ছিলেন বোলার অ্যাডাম জাম্পা। ৪ ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন তিনি।

এই পারফরম্যান্সের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নতুন এক কীর্তি গড়েন জাম্পা। এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে চার বা এর বেশি উইকেট নেওয়ার ঘটনা এটি তার চতুর্থ। এর আগে তিনবার করে এই কীর্তি গড়েছিলেন সাকিব আল হাসান, সাঈদ আজমল, রাশিদ খান ও আনরিখ নরকিয়া। জাম্পা এখন এককভাবে শীর্ষে উঠে গেছেন।

অধিক উইকেট শিকারের তালিকাতেও দারুণ উন্নতি করেছেন জাম্পা। রাশিদ খানকে (৪৩ উইকেট) পেছনে ফেলে এখন তিনি দুই নম্বরে। ২৫ ম্যাচে ১২.৮৪ গড়ে ৪৪ উইকেট তার ঝুলিতে। ইকোনমি ৬.৫২। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখনও সাকিব আল হাসান। ৪৩ ম্যাচে ২০.১২ গড়ে তার শিকার ৫০ উইকেট।