পোখরা-কাঠমাণ্ডু সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৯

নেপালের পশ্চিমাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস গভীর গিরিসঙ্কটে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ পর্যটক রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, পর্যটন নগরী পোখরা থেকে রাজধানী কাঠমাণ্ডু অভিমুখে যাত্রা করেছিল বাসটি। সোমবার ভোররাতে ধাদিং জেলার বেহিঘাট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর একটি খাদে ছিটকে পড়ে। কাঠমাণ্ডু থেকে এই এলাকাটির দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে।

বাসটিতে মোট ৪৪ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে উক্ত ব্রিটিশ নাগরিকও রয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। আহতদের মধ্যে নিউজিল্যান্ড ও চীনের একজন করে নাগরিক রয়েছেন বলে পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমন্ত্র রয়টার্স জানিয়েছে। আহত সকলকে উদ্ধার করে কাঠমাণ্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন।

প্রসঙ্গত, হিমালয়কন্যা খ্যাত নেপালের ভূ-প্রকৃতি অত্যন্ত দুর্গম এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল। পাহাড়ি এই দেশে প্রতিবছর অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটে, যাতে শত শত মানুষ প্রাণ হারান। এবারের দুর্ঘটনাটিও সে ধারাবাহিকতায় ঘটল বলে ধারণা করছে দেশটির প্রশাসন।