সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের শুল্ক প্রত্যাহার, নতুন শুল্ক কার্যকর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা এক ধরনের শুল্ক আদায় বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ (সিবিপি)। দেশটির সর্বোচ্চ আদালত ওই শুল্ককে ‘এখতিয়ারবহির্ভূত’ ঘোষণা করার তিন দিন পর মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিবিপি তাদের কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিসে (সিএসএমএস) পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত কোম্পানিগুলোকে এ সংক্রান্ত বার্তা দিয়েছে। বার্তায় বলা হয়, মঙ্গলবার মার্কিন পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্টের (আইইইপিএ) অধীনে আরোপিত সব শুল্ক কোড নিষ্ক্রিয় হয়ে যাবে।

প্রসঙ্গত, গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর ক্ষুব্ধ হয়ে ট্রাম্প আরেকটি আইন ব্যবহার করে নতুন করে ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন, যা মঙ্গলবার থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে।

সুপ্রিম কোর্টের রায়ের পরও কয়েকদিন ধরে কেন এই শুল্ক আদায় চলছিল, সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেয়নি সিবিপি। এছাড়া ইতোমধ্যে যারা এই খাতে শুল্ক পরিশোধ করেছেন, তাদের অর্থ ফেরত দেওয়া হবে কিনা তাও স্পষ্ট করেনি তারা। বিশ্লেষকরা বলছেন, সুপ্রিম কোর্ট অর্থ ফেরতের বিষয়ে নির্দেশনা না দেওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আলাদাভাবে মামলা করতে হতে পারে, যা কয়েক বছরও সময় নিতে পারে।

তবে সিবিপি তাদের বার্তায় জানিয়েছে, আইইইপিএর আওতার বাইরে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ধারা ২৩২ এবং অন্যায্য বাণিজ্য চর্চা সংক্রান্ত ধারা ৩০১-এর মতো অন্যান্য শুল্ক আদায় অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী ব্যবসায়ীদের পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, শুক্রবারের সুপ্রিম কোর্টের রায়ের ফলে যুক্তরাষ্ট্রকে প্রায় ১৭ হাজার ৫০০ কোটি ডলারের বেশি রাজস্ব ফেরত দিতে হতে পারে। তবে অর্থ ফেরতের পদ্ধতি এখনো অনিশ্চিত।