জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা সহযোদ্ধাদের যদি আওয়ামী লীগের হাতে রক্ত দিতে হয়, তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব বিএনপিকে নিতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের একটি হাস্যোজ্জ্বল ছবি সংযুক্ত করে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি-আওয়ামী লীগের গোপন সমঝোতার অভিযোগ
সারজিস আলম তার পোস্টে দাবি করেন, বিএনপি যখন বুঝতে পেরেছে যে এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন করতে সক্ষম হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছে।
তিনি লেখেন, “বিএনপি যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখলো এককভাবে তারা কখনোই জাতীয় নির্বাচনে জিততে পারবেনা এবং সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তারা আওয়ামী লীগের দ্বারস্থ হলো। প্রত্যেকটা আসনে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে গোপনে বৈঠক করলো। যত অপরাধী হোক না কেন, তাদেরকে জামিন করানোর কিংবা সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়ার কমিটমেন্ট করলো।”
এনসিপির এই সংগঠক আরও অভিযোগ করেন, বিএনপি, আওয়ামী লীগ, প্রশাসনের একটি অংশ এবং দেশি-বিদেশি কিছু এজেন্ট মিলে এই নির্বাচন পরিচালনা করছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করে সরকার গঠন করছে।
পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গ
সারজিস আলম তার পোস্টে পিলখানা হত্যাকাণ্ডের বিষয়েও আলোকপাত করেন। তিনি লেখেন, “যে আওয়ামী লীগ পরিকল্পনা করে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমার সেনাবাহিনীর অফিসারদেরকে খুন করেছে, সেই আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে শহীদ বীরদের শ্রদ্ধা জানানো পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়।”
বিএনপির প্রতি কঠোর সমালোচনা
বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “সময়ের পরিক্রমায় আপনারা যদি আবার আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত হন তাহলে তার দায় আপনাদের নেতা জনাব তারেক রহমানকে নিতে হবে।”
তিনি আরও লেখেন, “যে আওয়ামী লীগ জনাব তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয় নাই, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, তার শরীরকে বিষাক্ত করে তুলেছিল, হাজার হাজার বিএনপি নেতা কর্মীকে নির্যাতন করেছিল, ঘরে থাকতে দেয় নাই সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে।”
সবশেষে সারজিস আলম তার পোস্টে জুলাই অভ্যুত্থানের সহযোদ্ধাদের প্রসঙ্গ এনে বলেন, “যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নামা আমাদের যেকোনো সহযোদ্ধাদেরকে আওয়ামী লীগের দ্বারা আবার খুন হতে হয় কিংবা রক্ত দিতে হয় তাহলে তার দায় জনাব তারেক রহমান এবং বিএনপিকে নিতে হবে।”
তিনি তারেক রহমানের সমালোচনা করে লেখেন, “জনাব তারেক রহমানকে আজকের এই পদক্ষেপের জন্য ধিক্কার জানাই।”
